মাদারীপুরে নিখোঁজের একদিন পর পুকুর থেকে রাজিন ইয়াসার সামির (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৯টার দিকে জেলা খাদ্য অফিসের পুকুর থেকে এ লাশ উদ্ধার করা হয়।
রাজিন শহরের পাঠককান্দি এলাকার এনায়েত হোসেনের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, সোমবার দুপুরে বাড়ি থেকে বের হয় সামি। পরে তার আর কোনো খোঁজ পায়নি পরিবার। সামিকে খুঁজে পেতে সদর মডেল থানায় নিখোঁজ জিডি করেন স্বজনরা। মঙ্গলবার সকালে জেলা খাদ্য অফিসের পুকুরে সামির লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠায়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, সামি বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন। ধারণা করা হচ্ছে পুকুরপাড়ে দাঁড়িয়ে থাকার সময় অসাবধানবশত পানিতে পড়ে গিয়ে আর উঠতে পারেনি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সম্পর্কে বেশি জানা যাবে।



