মনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

আগামী কয়েকদিন বৃষ্টিপাত ও উজানের ঢল অব্যাহত থাকলে পরিস্থিতির আরো অবনতি হতে পারে।

ময়নুল হক পবন, কুলাউড়া (মৌলভীবাজার)

Location :

Maulvibazar
মনু নদী
মনু নদী |নয়া দিগন্ত

টানা বৃষ্টিপাত ও ভারতের সীমান্ত এলাকা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীতীরবর্তী এলাকায় বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে পৃথিমপাশা ইউনিয়নের রাজাপুর ও শিকড়া গ্রামের বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সরেজমিনে গিয়ে দেখা যায়, ভাঙা বাঁধ দিয়ে অব্যাহতভাবে পানি প্রবেশ করছে। স্থানীয়রা বাঁধটি দ্রুত মেরামতের দাবি জানিয়েছেন।

বুধবার (৮ জুলাই) গভীর রাত থেকে ভারতের সীমান্তবর্তী এলাকা দিয়ে নেমে আসা ঢলে পৃথিমপাশা ইউনিয়নের শিকড়া গ্রামের একটি বাঁধ ভেঙে পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করে। এতে শিকড়া, রাজাপুরসহ আশপাশের কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে বহু বসতবাড়ি, কৃষিজমি ও গ্রামীণ সড়ক। এতে দুর্ভোগে পড়েছেন শতাধিক পরিবার।

স্থানীয় বাসিন্দা রজব আলী ও রমিজ আলী বলেন, গত বছরও ভারতের দিক থেকে নেমে আসা পানিতে এই এলাকার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এবারও একইভাবে বাঁধ ভেঙে আমাদের গ্রাম প্লাবিত হয়েছে। আমাদের বাড়িঘর ও কৃষিজমির ব্যাপক ক্ষতি হয়েছে। আমরা সরকারের কাছে দ্রুত ভাঙা বাঁধটি পুনর্নির্মাণের জোর দাবি জানাচ্ছি।

এদিকে, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন অলিদ বলেন, ‘গত রাত থেকে মনু নদীর পানি বৃদ্ধি পাচ্ছে এবং আরো বাড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।’

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, ‘বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। ভাঙা স্পট আমি পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ করা হয়েছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রাণ সহায়তার ব্যবস্থাও করা হচ্ছে।’

স্থানীয়দের আশঙ্কা, আগামী কয়েকদিন বৃষ্টিপাত ও উজানের ঢল অব্যাহত থাকলে পরিস্থিতির আরো অবনতি হতে পারে। তাই ভাঙা বাঁধ দ্রুত সংস্কার এবং প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।