সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ সময়ে অবৈধভাবে মাছ ও কাঁকড়া শিকারের অভিযোগে দুই জেলেকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের কাছ থেকে ৪৫০ কেজি জীবিত কাঁকড়া, ১৫০ কেজি সাদা মাছ, তিনটি নৌকা, মাছ ও কাঁকড়া ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
শুক্রবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে বাটলু নদীর মুখ এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক জেলেরা হলেন— কয়রা উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের মোজাম ও মাসুম বিল্লাহ।
জানা গেছে, সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমানের দিকনির্দেশনায় খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো: শরিফুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে দুই জেলেকে আটক করা হয়। এ সময় বন বিভাগের অভিযানের বিষয়ে বুঝতে পেরে জড়িত অন্য ব্যক্তিরা নদীতে লাফ দিয়ে গহীন বনে পালিয়ে যেতে সক্ষম হয়।
কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা ডেপুটি রেঞ্জার মো: নাসির উদ্দীন বলেন, এ ব্যাপারে আন্দারমানিক বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আল আমিন হোসেন বন আইনে মামলা দায়ের করেছেন। আটক জেলেদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে। এছাড়া জব্দকৃত কাঁকড়া আদালতের অনুমতিক্রমে শাকবাড়িয়া নদীতে অবমুক্ত করা হয়েছে।



