যশোরে খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণে আহত দুই শিশু

আহত শিশুরা হলো— ধর্মতলা খোলাডাঙ্গা কাজীপাড়ার রাজিব খানের ছেলে রেজওয়ান (৭) এবং একই এলাকার ইয়াসিনের ছেলে ইসমাইল ওরফে সিয়াম (৪)।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Jashore

যশোরে খেলার সময় কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে সদর উপজেলার ধর্মতলা খোলাডাঙ্গা গ্রামের গাজীপাড়ায় এ ঘটনা ঘটে।

আহত শিশুরা হলো— ধর্মতলা খোলাডাঙ্গা কাজীপাড়ার রাজিব খানের ছেলে রেজওয়ান (৭) এবং একই এলাকার ইয়াসিনের ছেলে ইসমাইল ওরফে সিয়াম (৪)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল দুই শিশু। এ সময় তারা সেখানে পড়ে থাকা কৌটাসদৃশ একটি বস্তু দেখতে পায়। কৌতূহলবশত সেটি নিয়ে নাড়াচাড়া শুরু করলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় শিশু দুটিকে উদ্ধার করে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাহুল দেব ঘোষ জানান, বিস্ফোরণে শিশু দুটির শরীরের বিভিন্ন অংশ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একজনের চোখ-মুখ এবং অপরজনের মুখসহ শরীরের বেশ কিছু অংশ ঝলসে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিত্যক্ত একটি বোমাসদৃশ বস্তু বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে।

তিনি বলেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। জনবসতিপূর্ণ এলাকায় কীভাবে এ ধরনের বিস্ফোরক পড়ে ছিল এবং কারা এটি সেখানে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

ওসি আরো জানান, ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ শুরু করেছে।