জমি নিয়ে বিরোধ

বাগাতিপাড়ায় শিশু সন্তানসহ মাকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ

নাটোরের বাগাতিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শিশু সন্তানসহ এক নারীকে বাড়ি থেকে বের করে দেয়াসহ মাঠের ফসল কেটে নেয়ার অভিযোগ উঠেছে।

মো: আব্দুল আওয়াল, বাগাতিপাড়া (নাটোর)

Location :

Natore
উপজেলার তমালতলায় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী সুমিনা খাতুন
উপজেলার তমালতলায় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী নারী সুমিনা খাতুন |নয়া দিগন্ত

নাটোরের বাগাতিপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শিশু সন্তানসহ এক নারীকে বাড়ি থেকে বের করে দেয়াসহ মাঠের ফসল কেটে নেয়ার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে উপজেলার তমালতলায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন পাঁকা ইউনিয়নের চিথলিয়া গ্রামের ভুক্তভোগী নারী সুমিনা খাতুন। এসময় পাশের মাড়িয়া গ্রামের জুয়েল মন্ডলসহ কয়েকজনের বিরুদ্ধে এ অভিযোগ করা হয়।

লিখিত বক্তব্যে সুমিনা খাতুন বলেন, জুয়েল মন্ডল তাকে বাড়ি থেকে বের করে দেয়ার পরও বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। ফলে স্কুল পড়ুয়া ছোট সন্তানকে নিয়ে চরম আতঙ্কে দিন পার করছেন। যেকোনো সময় তারা আমাদের ক্ষতি করতে পারে। এ বিষয়ে চলতি বছরের গত ২৭ জানুয়ারি বাগাতিপাড়া মডেল থানায় জুয়েল মন্ডল ও তার সহযোগীদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে এখন পর্যন্ত প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ পাওয়া যায়নি বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে সুমিনা খাতুন দাবি করেন, ১৯৬৮ ও ১৯৭২ সালে বিধিমোতাবেক তারা জমিটি ক্রয় করেছিলেন। তবে ১৯৭৪ সালের রেকর্ডে ভুলবশত প্রতিপক্ষের নাম অন্তর্ভুক্ত হয়। এরপর বিষয়টি নিয়ে একবার ঝামেলা হয়েছিল। তখন আদালতের মাধ্যমে বিষয়টি একবার সুরাহা হয়েছে। তারপরও বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে তারা ভাড়া করা কিছু লোকজন নিয়ে জোর করে বাড়িসহ মাঠের কিছু জমি দখল করে। পরে আদালতের শরণাপন্ন হলে আদালত ‘স্থিতাবস্থা’ বজায় রাখার নির্দেশ দেয়। কিন্তু সেই আদেশ অমান্য করে তারা অবৈধভাবে জমি দখলের চেষ্টা করছে এবং তাদের ওপর নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে সুমিনা খাতুনের চাচা শিক্ষক রফিকুল ইসলাম বলেন, জুয়েল মন্ডল একজন মাদকসেবী ও মাদক কারবারি। অবৈধভাবে তার ভাতিজির স্থাপনা দখল করে সেখানে মাদক কারবারি পরিচালনা করা হচ্ছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

অপর চাচা মশিউর রহমান অভিযোগ করেন, জুয়েল মন্ডল একজন সুবিধাবাদী ব্যক্তি। যে দল যখন ক্ষমতায় থাকে, সে তাদের পক্ষ নেয়। বর্তমানে বিএনপির নাম ভাঙিয়ে আমাদের ওপর নির্যাতন চালাচ্ছে। স্থানীয় রাজনৈতিক নেতাদের দ্বারস্থ হয়েও কোনো সমাধান পাওয়া যাচ্ছেনা বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে জানতে তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল মান্নানের মোবাইলে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

পরে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।’