ময়মনসিংহের ভালুকায় ৭ বছর বয়সী এক শিশুকে গাছ থেকে ফুল পেড়ে দেয়ার কথা বলে ফুঁসলিয়ে বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তামিম (১৪) নামে এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের সাতেঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ওই শিশুটি সাতেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অন্য শিশুদের সাথে খেলা করছিল। এ সময় একই এলাকার মো: সিদ্দিক মিয়ার কিশোর ছেলে তামিম গাছ থেকে ফুল পেড়ে দেয়ার কথা বলে শিশুটিকে ফুঁসলিয়ে নির্জন একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। পরে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় শিশুটির ডাক চিৎকারে অন্য শিশু ও আশপাশের লোকজন ছুটে গেলে ধর্ষক পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। ঘটনার পর স্থানীয় কিছু লোক বিষয়টি ধামাচাপা দেয়া চেষ্টা করেন। কিন্তু কোনো ফয়সালা না হওয়ায় ভিকটিমের মা বাদি হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে মডেল থানার এসআই মো: নূরুল হকের নেতৃত্বে একদল পুলিশ সাতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত কিশোর তামিমকে গ্রেফতার করে।
থানার এসআই মো: নূরুল হক জানান, শিশু ধর্ষণের অভিযোগে মামলা হওয়ার পর ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং অভিযুক্ত কিশোরকে আদালতে পাঠানো হয়েছে।



