সোনারগাঁওয়ে পুলিশকে কামড়ে হাতকড়াসহ পালাল মাদক কারবারি

সোনারগাঁওয়ে এক মাদক কারবারিকে ইয়াবাসহ আটকের পর পুলিশকে কামড় দিয়ে হাতকড়াসহ পালানোর ঘটনা ঘটেছে।

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Sonargaon
সোনারগাঁওয়ে পুলিশকে কামড়ে হাতকড়াসহ পালাল মাদক কারবারি
সোনারগাঁওয়ে পুলিশকে কামড়ে হাতকড়াসহ পালাল মাদক কারবারি |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক মাদক কারবারিকে ইয়াবাসহ আটকের পর পুলিশকে কামড় দিয়ে হাতকড়াসহ পালানোর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দুপুর আড়াইটায় উপজেলার জামপুর ইউনিয়নের কোবাগা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মাদক কারবারি মো: রাজু (৩০)। সে জামপুর ইউনিয়নের কোবাগা গ্রামের মরহুম হোসেন আলির ছেলে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন তালতলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: জসিম উদ্দিন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের তথ্যে সোনারগাঁওয়ে জামপুরের তালতলা পুলিশ ফাঁড়ির একটি টিম জামপুরে অভিযান চালিয়ে পলাতক মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করে। আটকের পর তার সাথে থাকা ইয়াবা উদ্ধার করে হাতে হাতকড়া পরিয়ে ফাঁড়ির উদ্দেশে রওনা হওয়া মাত্রই মাদক কারবারির পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়।

এ সময় আটককৃত কারবারি সহ-উপপরিদর্শক (এএসআই) নাসিরকে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান। পালিয়ে যাওয়ার পর থেকে মাদক কারবারি এখনো আটক হয়নি।

তালতলা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো: জসিম উদ্দিন বলেন, মাদক কারবারিকে ৫০ পিস ইয়াবাসহ আটক করে ফাঁড়িতে নিয়ে আসার পথে তার আত্মীয়-স্বজন নারীরা আমাদের পুলিশকে আটকে কারবারিকে ছিনিয়ে নিয়ে যান। আমাদের এএসআই নাসির ঘটনাস্থলে ছিলেন। উদ্ধারকৃত মাদক আমাদের কাছে রয়েছে এবং কারবারিকে আটকের চেষ্টা চলছে।