সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক

অবৈধ পথে বা সমুদ্রপথে বিদেশে যাবেন না

‘জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বা সমুদ্রপথে বিদেশে যাবেন না। অবৈধ পথে বিদেশে পাড়ি দিয়ে যারা ভূমধ্যসাগরে প্রাণহানির মতো ঘটনা ঘটিয়ে নিজেকে ও পরিবারকে কষ্টের মধ্যে ঠেলে দেবেন না।’

তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ

Location :

Sunamganj
সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক |নয়া দিগন্ত

‘প্রধানমন্ত্রী তারেক রহমান’ আগামী পাঁচ বছরে বাংলাদেশের ১ কোটি মানুষকে প্রশিক্ষিত করে বিদেশ পাঠানোর স্বপ্ন নিয়ে কাজ করছেন। এই পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছেন উল্লেখ করে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, জীবনের ঝুঁকি নিয়ে অবৈধ পথে বা সমুদ্রপথে বিদেশে যাবেন না। অবৈধ পথে বিদেশে পাড়ি দিয়ে যারা ভূমধ্যসাগরে প্রাণহানির মতো ঘটনা ঘটিয়ে নিজেকে ও পরিবারকে কষ্টের মধ্যে ঠেলে দেবেন না।

দালাল চক্রের প্রলোভনে পড়ে জীবনের ঝুঁকি নিয়ে অবৈধভাবে সমুদ্রপথে বিদেশ যাওয়ার প্রবণতা রোধে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে। বর্তমান সরকার ১০ হাজার বাংলাদেশিকে বিনা খরচে বিদেশ পাঠানোর কথাও চিন্তা করছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সুনামগঞ্জ জেলা প্রশাসক মো: মিনহাজুর রহমানের সভাপতিত্বে সন্ধ্যায় সুনামগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ‘নিরাপদ অভিবাসন ও অবৈধ পথে বিদেশ গমন প্রতিরোধ বিষয়ক’ মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারীরা দলীয় ও সরকারের কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে কাজ করছে, তাদের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। অপপ্রচারকারীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। দল ও সরকার যেন কোনো অবস্থায় বিব্রত না হয়, সেদিকে আমাদেরও ঐক্যবদ্ধভাবে খেয়াল রাখতে হবে।

দল ও সরকার বিব্রত হয় এমন কোনো কাজ দলের নেতাকর্মীরা যেন না করেন, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। সরকারের সকল উন্নয়ন কর্মসূচি জেলা, থানা থেকে ইউনিয়ন পর্যন্ত পৌঁছে দিতে হবে।

বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরো বলেন, প্রবাসী অধ্যুষিত সিলেট বিভাগের জেলা সুনামগঞ্জে বেশ কিছু যুবক ভাইয়েরা দালাল চক্রের খপ্পরে পড়ে অবৈধ উপায়ে বিদেশে যাওয়ার চেষ্টা করে, তারা সমুদ্রপথে বিদেশে যায়, পরে লাশ হয়ে ফিরে আসে। এটি অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। এটি আমাদের কারো জন্য কাম্য নয়। এভাবে বিদেশযাত্রার ফলে এলাকা ও দেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে। এ থেকে আমাদের বিরত থাকতে হবে। এভাবে দেশ, জাতি ও তাদের পরিবার সমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

মতবিনিময় সভায় সুনামগঞ্জ-১ নির্বাচনী এলাকার সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ নির্বাচনী এলাকার সংসদ সদস্য কয়সর এম আহমদ, সুনামগঞ্জ-৪ নির্বাচনী এলাকার সংসদ সদস্য নূরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ-৫ নির্বাচনী এলাকার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলনসহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বক্তব্য দেন। এ সময় জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরীসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।