নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) পরিচালক মো: সোহাগকে অপহরণ ঘটনায় নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে এনসিসিআই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায়। পাশাপাশি সকল ব্যবসায়ীর নিরাপত্তা জোরালো করার আহ্বান জানানো হয়।
নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু) বলেন, ‘নারায়ণগঞ্জের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো: সোহাগ গত রোববার (১ জুন) ব্যবসায়িক কাজে ঢাকা সচিবলায় থেকে রাত ১১টার দিকে তার ব্যক্তিগত গাড়িতে করে নারায়ণগঞ্জে বাসার উদ্দেশে রওনা হওয়ার সময় নারায়ণগঞ্জ থেকে তাকে অপহরণ করা হয়। পরের দিন সোমবার (২ জুন) দুপুরে তাকে পটুয়াখলীর পায়রাকুঞ্জ ফেরিঘাট এলাকায় স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশের মাধ্যমে আহত অবস্থায় উদ্ধার করা হয়।’
তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ থেকে পটুয়াখালী যাওয়ার পথে অনেক চেকপোস্ট রয়েছে। একটি চেকপোস্টেও ঘটনাটি ধরা পড়েনি। বিষয়টি সচেতন মহলে বিশেষভাবে আলোচিত হচ্ছে। একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দায়িত্বশীল পরিচালক ও একজন ব্যবসায়ীর এ ধরনের অপহরণ শুধু ব্যক্তি হিসেবে নয় বরং ব্যবসায়ী সমাজ এবং সমগ্র নারায়ণগঞ্জের সামাজিক নিরাপত্তা ব্যবস্থার প্রতি বড় ধরনের প্রশ্ন আসে। যদিও এই বিষয়ে সোহাগের পরিবারের পক্ষ থেকে গত ৩ জুন ফতুল্লা মডেল থানায় একটি অপহরণ মামলা করা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেফতার করার দাবি জানাই।’
শুক্রবার সকাল সাড়ে ১০টায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করা হবে।



