পানছড়িতে ব্রাশফায়ারে ইউপিডিএফ সদস্য নিহত

পানছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফেরদৌস ওয়াহিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে। ঘটনার তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

Location :

Panchhari
মোহাম্মদ ইমন হোসেন (২৫)
মোহাম্মদ ইমন হোসেন (২৫) |নয়া দিগন্ত

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ইসলামপুর এলাকায় প্রতিপক্ষের ব্রাশফায়ারে ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর এক সদস্য নিহত হয়েছেন। নিহতের নাম মোহাম্মদ ইমন হোসেন (২৫)।

বৃহস্পতিবার (৭ মে) সকাল আনুমানিক ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইমন হোসেন উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ এসএমজি থেকে ব্রাশফায়ারের শব্দ শোনা যায়। এরপর হাফপ্যান্ট পরিহিত দুই ব্যক্তিকে শান্তিগ্রাম এলাকার দিকে পালিয়ে যেতে দেখা যায়।

স্থানীয়রা জানায়, গুলির শব্দ শুনে বাহিরে এসে তারা দেখতে পান দোকানের সামনে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন ইমন হোসেন। ধারণা করা হচ্ছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।

ইমনকে নিজ দলের সদস্য দাবি করে ইউপিডিএফ (গণতান্ত্রিক) সংগঠক অমর চাকমা এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (প্রসিত) গ্রুপকে দায়ী করেছেন। তবে এ বিষয়ে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের কোনো বক্তব্য পাওয়া যায়নি।