দামুড়হুদায় স্কুল অফিস সহকারীকে কুপিয়ে জখম

রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ দু’জন ব্যক্তি তার ওপর হামলা চালান। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন।

মনিরুজ্জামান সুমন, দামুড়হুদা (চুয়াডাঙ্গা)

Location :

Chuadanga
আহত হারুন আর রশিদ
আহত হারুন আর রশিদ |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক অফিস সহকারীকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয়ের অদূরে এ হামলার ঘটনা ঘটে।

আহত হারুন আর রশিদ (৩৮) উপজেলার নতিপোতা ইউনিয়নের হেমায়েতপুর গ্রামের ক্লাবপাড়ার শাহাজান আলীর ছেলে। তিনি হেমায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অফিস সহকারী হিসেবে কর্মরত।

আহত হারুন আর রশিদ জানান, সকালে বিদ্যালয়ে অফিসের কাজ করছিলেন। নাস্তা করার জন্য বের হয়ে রাস্তা দিয়ে হাঁটার সময় হঠাৎ দু’জন ব্যক্তি তার ওপর হামলা চালান। কিছু বুঝে ওঠার আগেই ধারালো অস্ত্র (চাপাতি) দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকেন। চিৎকার করে দৌড়ে গেলে স্থানীয় লোকজন ও বিদ্যালয়ের শিক্ষকরা এগিয়ে এলে হামলাকারীরা মোটরসাইকেলে পালিয়ে যান।

পরে শিক্ষক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। তবে কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মিসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের আটকে পুলিশের দু’টি টিম কাজ করছে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।