মাদারীপুরে আবারো কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, শহরে আতঙ্ক

একজনকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে
আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে |নয়া দিগন্ত

মাদারীপুরে আবারো কিশোর গ্যাংয়ের দুই গ্রুপে সংঘর্ষ এবং ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এতে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে পূর্ব আমিরাবাদ এলাকায় একজনকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর শহরের পূর্ব আমিরাবাদ এলাকার বাসিন্দা সোনালী পরিবহনের ড্রাইভার কাওসার হোসেন ও তার স্ত্রীকে ডিসি ব্রিজ এলাকার কয়েকজন যুবক মারধর করে। এ ঘটনাকে কেন্দ্র করে রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত ডিসি ব্রিজ, কলেজ রোড ও পূর্ব আমিরাবাদসহ আশপাশের এলাকায় কিশোরদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষ চলাকালে আমিরাবাদ এলাকায় অন্তত ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক ব্যবসায়ী দ্রুত দোকানপাট বন্ধ করে দেন।

খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে মাদারীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এর আগেও কয়েকবার শহরের বিভিন্ন এলাকায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।