বড়াইগ্রামে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
ছবি : নয়া দিগন্ত

নাটোরের বড়াইগ্রামে পুকুরের পানিতে ডুবে আরাফাত রহমান (১১) ও মোহাম্মদ আলী (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ণকলস গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই গ্রামের মিন্টু মিয়ার ছেলে আরাফাত ও রাজু আহম্মেদের ছেলে মোহাম্মদ আলী। তারা দু’জনই পূর্ণকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।

গোপালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সামাদ জানান, বেলা ১১টার দিকে তারা দু’জন বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এ সময় তারা পুকুরে কলাগাছ নিয়ে খেলা করছিল। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর পাড়ে তাদের পোশাক ও স্যান্ডেল দেখতে পেয়ে স্বজনদের সন্দেহ হয়। পরে পুকুরে নেমে সন্ধান চালিয়ে অচেতন অবস্থায় দুই শিশুকে উদ্ধার করা হয়।

পরে স্থানীয় বেসরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।