নীলফামারীতে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ এবং ‘জুলাই সনদ’ দ্রুত বাস্তবায়নের দাবিতে ‘জুলাই ম্যারাথন ও অদম্য জুলাই-২৬’ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার (২৫ জুলাই) সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নীলফামারী শহর শাখার উদ্যোগে শহরের ডালপট্টি এলাকা থেকে ম্যারাথন শুরু হয়। পরে এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। ম্যারাথন শেষে আয়োজিত সমাবেশে নেতারা দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
ম্যারাথন শেষে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে শহর শাখার সভাপতি সেলিমুদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল।
সেক্রেটারি সোহাগ ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনটির সাবেক জেলা সভাপতি আহমাদ রায়হান।
প্রধান অতিথির বক্তব্যে রেজাউল করিম শাকিল বলেন, সরকার নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও এখন তা বাস্তবায়নে টালবাহানা করছে।
তিনি অভিযোগ করেন, ঐতিহাসিক এ সনদ বাস্তবায়নকে অস্বীকার করার চেষ্টা করা হচ্ছে।
তিনি আরো বলেন, দ্রুততম সময়ের মধ্যে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে ছাত্র-জনতা আবারো রাজপথে নেমে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।



