এমপি ড. ইলিয়াস মোল্লা

মাদক, দুর্নীতি ও পরিবেশ দূষণের বিরুদ্ধে জিরো টলারেন্স

মাদক, দুর্নীতি ও অবৈধভাবে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধেও আপনারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করুন। চোখ-কান খোলা রাখবেন। যেখানে সমস্যা হবে, দলমত নির্বিশেষে ব্যবস্থা নেবেন।

Location :

Madhukhali
মধুখালী উপজেলা প্রশাসন আয়োজিত আইন-শৃঙ্খলাসংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য প্রফেসর ড. ইলিয়াস মোল্লা
মধুখালী উপজেলা প্রশাসন আয়োজিত আইন-শৃঙ্খলাসংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য প্রফেসর ড. ইলিয়াস মোল্লা |নয়া দিগন্ত

মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা

মাদক, দুর্নীতি ও অবৈধভাবে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানিয়েছেন ফরিদপুর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ফরিদপুরের মধুখালীতে উপজেলা প্রশাসন আয়োজিত আইন-শৃঙ্খলাসংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “মাদক, দুর্নীতি ও অবৈধভাবে পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধেও আপনারা জিরো টলারেন্স নীতি অবলম্বন করুন। চোখ-কান খোলা রাখবেন। যেখানে সমস্যা হবে, দলমত নির্বিশেষে ব্যবস্থা নেবেন।”

তিনি আরো বলেন, “আপনারা যে দায়িত্বে আছেন, জনগণ আমাকে আপনাদের অভিভাবক হিসেবে অতিরিক্ত দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এলাকার মানুষ আমাদের কাছে ভালো কিছু প্রত্যাশা করেন। জনগণ যেন ভালোভাবে থাকতে পারে, সে অনুযায়ী কাজ করতে হবে।”

বিশেষ করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তার উদ্দেশে তিনি বলেন, “আমরা দেশ গড়ার জন্য এসেছি। এখানে দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে কাজ করব। মাদকের বিরুদ্ধে যেমন জিরো টলারেন্স নীতি নিয়েছেন, দুর্নীতির বিরুদ্ধেও একই নীতি অনুসরণ করুন।”

সভায় সভাপতিত্ব করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুর রহমান, মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুন হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব এলাহী, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তানজিম নাঈম, মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার, সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আদেলুর রহমানসহ সাংবাদিক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

সভায় উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় এমপি ইলিয়াস মোল্লা বলেন, “কর্মকর্তা-কর্মচারীদের অনুরোধ করব, আপনারা যে ধর্মেরই হোন—আজ আছি, কাল থাকব না। এই রমজান মাসে যেন কাউকে দুই টাকা ঘুষ দিতে না হয় এবং নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর দাম নিয়ন্ত্রণে থাকে, সেদিকে বিশেষভাবে নজর রাখবেন।”

অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লাকে ফুল দিয়ে বরণ করে নেয় উপজেলা প্রশাসন।