যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় হুমায়ুন কবির রিপন (৪৫) নামে এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চৌগাছা-যশোর সড়কের আফরার মোড় নামক এলাকার হাফিজিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন কবির রিপন যশোর ক্যান্টনমেন্টে কর্মরত একজন সেনাসদস্য এবং চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের বাড়িয়ালী গ্রামের জামাল হোসেনের ছেলে।
আহতরা হলেন— চৌগাছা উপজেলার রঘুনাথপুর গ্রামের কামরুল হোসেনের ছেলে রাহুল হোসেন (২০), যশোর সদর উপজেলার ভেকুটিয়া এলাকার আব্দুর রশিদের ছেলে হাসান মাহমুদ (৪০) ও একই এলাকার লোকমান হোসেনের ছেলে তুহিন হোসেন (৩৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেনাসদস্য হুমায়ুন কবির রিপন যশোর ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন। শনিবার বিকেলে আউট পাস নিয়ে তার নিজ ব্যবহৃত মোটরসাইকেলযোগে চৌগাছার গ্রামের বাড়ি বাড়িয়ালীতে যাচ্ছিলেন। তিনি পথিমধ্যে ঘটনাস্থল আফরা মোড় নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি লাল রঙের টিভিএস মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনা সদস্য হুমায়ুন কবির রিপন ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনায় অপর মোটরসাইকেলে থাকা রাহুল হোসেন, হাসান মাহমুদ ও তুহিন হোসেন মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে যশোর ক্যান্টনমেন্টের সেনাসদস্যরা ঘটনাস্থল থেকে হুমায়ুন কবির রিপনের লাশ ক্যান্টনমেন্টে নিয়ে যায়। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



