পাহাড়ে অপহরণ, হত্যা, ও চাঁদাবাজির বিরুদ্ধে পিসিএনপির সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে তিন পার্বত্য জেলায় ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, ৪৭টি অপহরণ, ১৬টি হত্যাকাণ্ড ও ৩৪টি সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া এক বছরে সশস্ত্র গোষ্ঠীগুলো এক হাজার ৫২০টি চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পিসিএনপির জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো: আবদুল মজিদ
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন পিসিএনপির জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো: আবদুল মজিদ |নয়া দিগন্ত

পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস), ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) মানবাধিকার লঙ্ঘন, অপহরণ, হত্যা, ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পিসিএনপির জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো: আবদুল মজিদ।

ইঞ্জিনিয়ার মো: আবদুল মজিদ অভিযোগ করে বলেন, আঞ্চলিক সশস্ত্র সংগঠনগুলো স্বার্থান্বেষী মহলের সহায়তায় অপতথ্য ছড়িয়ে প্রকৃত চিত্র আড়াল করার চেষ্টা করছে। সরকার ও সেনাবাহিনীবিরোধী অপপ্রচারের মাধ্যমে তারা ‘জুম্মল্যান্ড’ নামে পৃথক ভূখণ্ড ও রাজনৈতিক বয়ান তৈরির পাঁয়তারা করছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের প্রথম ছয় মাসে তিন পার্বত্য জেলায় ২৪০টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা, ৪৭টি অপহরণ, ১৬টি হত্যাকাণ্ড ও ৩৪টি সংঘর্ষের ঘটনা ঘটে। এছাড়া এক বছরে সশস্ত্র গোষ্ঠীগুলো এক হাজার ৫২০টি চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছে। যার মধ্যে কাঠ ব্যবসায়ী, ওষুধ কোম্পানি, পরিবহন খাত ও বিভিন্ন পণ্য প্রস্তুত ও সরবরাহকারী কোম্পানির স্থানীয় পরিবেশকদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা আদায়ের ঘটনা রয়েছে।

পিসিএনপি নেতারা পাহাড়ের এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের জেলা সভাপতি জালাল আহমেদ, ছাত্র পরিষদের জেলা সভাপতি মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।