মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
ময়মনসিংহে নিখোঁজের ১০ দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে মিরান (২১) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৭ জুলাই) সকালে পরিবারের সদস্যরা লাশটি মিরানের বলে শনাক্ত করেন।
নিহত মিরান জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের চরপাকেরদহ পূর্বপাড়া (বৈশাগাড়ী) গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানা পুলিশ ব্রহ্মপুত্র নদ থেকে একটি লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরে নিহতের মা ও স্বজনরা পরনের পোশাক দেখে লাশটি মিরানের বলে শনাক্ত করেন।
পরিবারের সদস্যরা জানায়, প্রায় ১০ দিন আগে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই মিরানের মোবাইল ফোন বন্ধ ছিল। এরপর তার সাথে আর কোনো যোগাযোগ হয়নি। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।
নিহতের চাচাতো ভাই মোয়াজ্জেম হোসেন বলেন, ‘মিরান রাজমিস্ত্রির কাজের পাশাপাশি নারিকেল গাছ পরিষ্কারের কাজ করতেন। বিভিন্ন জায়গায় কাজ করতে যেতেন বলে কয়েকদিন যোগাযোগ না থাকলেও আমরা তেমন সন্দেহ করিনি। আজ সকালে পুলিশ এসে তার মৃত্যুর খবর দেয়। কিভাবে তার মৃত্যু হয়েছে, তা আমরা জানি না।’
নিহতের বাবা মিন্টু বলেন, ‘আমার দুই ছেলে ও তিন মেয়ে। মিরান ছিল আমার মেজো ছেলে। কাজের প্রয়োজনে বিভিন্ন এলাকায় থাকত। প্রায় ১০ দিন তার কোনো খোঁজ পাইনি। হঠাৎ আজ সকালে পুলিশ এসে জানায়, ময়মনসিংহে তার লাশ পাওয়া গেছে। এরপর তার মা ও স্বজনদের লাশ আনতে পাঠিয়েছি।’
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম বলেন, ‘ময়নাতদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।’
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায় বলেন, ‘খবর পাওয়ার পর নিহতের পরিবারের সদস্যদের ময়মনসিংহে পাঠানো হয়েছে। জানা গেছে, মিরান প্রায় ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন।’



