নড়াইল ২৫০ শয্যা হাসপাতাল চালুকরণে দ্রুত পদক্ষেপ নেয়া হবে : আতাউর রহমান বাচ্চু

‘সেবার মান বাড়াতে প্রায় তিন বছর আগে ২৫০ শয্যা হাসপাতালের নির্মাণ কাজ শেষ হলেও লিফটসহ জনবল নিয়োগের অভাবে তা চালু করা যাচ্ছে না। ২৫০ শয্যা হাসপাতালটি দ্রুত চালুকরণে পদক্ষেপ নিচ্ছি।’

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
জেলা হাসপাতাল পরিচ্ছন্ন কার্যক্রম
জেলা হাসপাতাল পরিচ্ছন্ন কার্যক্রম |নয়া দিগন্ত

নড়াইল জেলা হাসপাতাল দ্রুতই ২৫০ শয্যা চালুকরণে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।

রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে জেলা হাসপাতাল পরিচ্ছন্ন কার্যক্রম উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

আতাউর রহমান বাচ্চু বলেন, ‘নড়াইল জেলা হাসপাতালে প্রতিদিন প্রচুর রোগীর চাপ থাকে। শয্যা সংখ্যার চেয়ে অনেক রোগী এখানে ভর্তি হন। সেবার মান বাড়াতে প্রায় তিন বছর আগে ২৫০ শয্যা হাসপাতালের নির্মাণ কাজ শেষ হলেও লিফটসহ জনবল নিয়োগের অভাবে তা চালু করা যাচ্ছে না। ২৫০ শয্যা হাসপাতালটি দ্রুত চালুকরণে পদক্ষেপ নিচ্ছি।’

এছাড়া বিরোধী দলীয় নেতা বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমানের নির্দেশনায় ক্লিন নড়াইল গড়তে হাসপাতালসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন কর্মসূচি চলছে। এরই ধারাবাহিকতায় নড়াইল জেলা হাসপাতাল পরিচ্ছন্ন কাজের উদ্বোধন করা হয়।

এর আগে, গত ২০ ফেব্রুয়ারি সকালে নড়াইল শহরের প্রবেশমুখ সীতারামপুর এলাকায় পৌরসভার ময়লার স্তূপ দুর্গন্ধমুক্ত কার্যক্রম শুরু করা হয়। ওইদিন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সও পরিচ্ছন্ন করা হয়েছে। এ কর্মসূচি চলামান থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন-নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আব্দুল গফফার, আবাসিক মেডিক্যাল অফিসার সুজল কুমার বকসি, জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, ড. খান আব্দুস সোবহান, সদর উপজেলা আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন, পৌর আমির জাকির হোসেন, জেলা যুব বিভাগের সেক্রেটারি আতিকুজ্জামানসহ জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলার নেতারা।