বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৫ আগস্ট) বাদ জুমা বিভিন্ন মসজিদে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বাদ জুমা অনুষ্ঠিত দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেনসহ দলীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ জিয়া পরিবারের কল্যাণ কামনা করা হয়। পরে মাদরাসায় এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
এ ছাড়া জেলা বিএনপি, শহর বিএনপি, সদর উপজেলা বিএনপি, বিভিন্ন উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠন পৃথকভাবে দোয়া মাহফিল করেছে।
এ ছাড়া বগুড়া শহর বিএনপির উদ্যোগে শহরের চকসূত্রাপুর মাদরাসায় দোয়া শেষে খাদ্য বিতরণ করা হয়। এ সময় জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, শহর সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা পপনসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হাসপাতালের পরিচালক আমিনুল হক দেওয়ান সজল, সদস্য মাফতুন আহমেদ খান রুবেল অংশ নেন।
এ ছাড়া চেলোপাড়া মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে সকালে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা সভাপতি সাবেক বিএনপি নেতা ও কাউন্সিলর পরিমল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক নির্মল রায় অংশ নেন।



