বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি ও কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেছেন, ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিকদের বৈষয়িক ও আখেরাতের কল্যাণে কাজ করে। আর অন্য শ্রমিক সংগঠনগুলো শ্রমিকদের শুধুমাত্র বৈষয়িক কল্যাণে কাজ করে।’
শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসাম পৌরসভা ও উপজেলা আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।
ডক্টর ছৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী বলেন, ‘পরিসংখ্যান অনুযায়ী আমাদের দেশের প্রায় ৬ কোটি লোক শ্রমিক। দেশের উন্নয়নে যাদের ত্যাগ-শ্রম-ঘাম বেশি, ওই শ্রমিক শ্রেণী সবসময় শোষিত হয়ে আসছে। তারাই সমাজের সুবিধাবঞ্চিত, নিগৃহীত হচ্ছে। মানব রচিত বিধান দিয়ে এ সমস্যার সমাধান সম্ভব নয়; একমাত্র মহান আল্লাহর বিধান বাস্তবায়নের মাধ্যমে এর সমাধান সম্ভব।’
মহান মে দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে রং-বেরংয়ের ব্যানার, ফেস্টুন ও পতাকায় শোভিত, শ্রমিকদের বিভিন্ন দাবি আদায়ের স্লোগানে মুখরিত বর্ণাঢ্য র্যালিটি কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে থেকে বের হয়ে দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ব্যাংক রোড চত্বরে শ্রমিক সমাবেশে মিলিত হয়।
লাকসাম পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মাস্টার এ কে এম শাহ আলমের সভাপতিত্বে ও সেক্রেটারি মাঈন উদ্দিনের পরিচালনায় শ্রমিক সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি এবং কুমিল্লা মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মুহাম্মদ বদিউল আলম সুজন, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সেক্রেটারি মাওলানা সাহাবুদ্দিন হায়দার, লাকসাম উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি দেলোয়ার হোসেন আর্মি, উপজেলা নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়ন সভাপতি রফিকুল ইসলাম।
এ সময় লাকসাম উপজেলা ও পৌরসভা শ্রমিক কল্যাণ ফেডারেশনের শতশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।



