কুমিল্লার লাকসামে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় মো: মোস্তফা কামাল (৬০) ও তাসলিমা আক্তার (৪২) নামে দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) ভোর ৫টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে লাকসাম উপজেলার বিপুলাসার বাজারের কাছে প্রথম দুর্ঘটনা ঘটে। পরে সকাল ৮টার দিকে খিলাবাজার এলাকায় আরেকটি দুর্ঘটনা ঘটে।
নিহত মো: মোস্তফা কামাল নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাছিহাটা গ্রামের মরহুম ননী মিয়ার ছেলে। অন্যদিকে, তাসলিমা আক্তার কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মৈশাতুয়া ইউনিয়নের খানাতুয়া গ্রামের ব্যাংক কর্মকর্তা মো: আবু জাফরের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলাবাজার এলাকায় রাস্তা পার হচ্ছিলেন তাসলিমা আক্তার। এ সময় ঢাকাগামী হিমাচল পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর স্বজনরা তাৎক্ষণিকভাবে তার লাশ বাড়ি নিয়ে যান।
এর আগে, ভোর ৫টার দিকে একই মহাসড়কের বিপুলাসার বাজারের অদূরে কাঁচি নামক স্থানে আরেকটি দুর্ঘটনা ঘটে। নোয়াখালী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা নীলাচল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটির সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় অন্তত ১৬ যাত্রী আহত হন।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো মোস্তফা কামালকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের লাকসাম ও কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।



