খুলনার দিঘলিয়া উপজেলায় মুরাদ খান (৪৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। আজ শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলার সেনহাটি মিয়াপাড়া মসজিদের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত মুরাদ উপজেলার হাজীগ্রামের খান মুনসুর আলীর ছেলে। তিনি দিঘলিয়া উপজেলা যুবদলের সদস্য ও পেশায় একজন ব্যবসায়ী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে মুরাদ খান খুলনা শহর থেকে হাজীগ্রামের নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে সেনহাটি মিয়াপাড়া মসজিদের কাছে পৌঁছালে কয়েকজন যুবক তার গতিরোধ করে। মুরাদ দৌড়ে একটি দোকানে আশ্রয় নিলেও দুর্বৃত্তরা সেখান থেকে ধরে নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে মুরাদ নিস্তেজ হয়ে পড়লে তারা চলে যায়।
পরে লোকজন মুরাদকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
খুলনার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান এ ব্যাপারে বলেন, ‘যুবদল নেতা মুরাদকে কুপিয়ে হত্যার ঘটনা জেনেছি। পুলিশ ঘটনাস্থলে গেছে।’



