হান্নান মাসউদের পথসভায় হামলা, আহত ৩

শাপলা কলি প্রতীকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তালতলা বাজারের পথসভায় হান্নান মাসউদের বক্তব্য চলাকালে বিএনপি সমর্থিত সন্ত্রাসীরা সমাবেশ স্থলে ইটপাটকেল নিক্ষেপ করে।

Location :

Hatia
হাতিয়ায় বিএনপির হামলায় আহত এক এনসিপি কর্মী
হাতিয়ায় বিএনপির হামলায় আহত এক এনসিপি কর্মী |নয়া দিগন্ত

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা

নোয়াখালী হাতিয়ায় ১১ দলীয় জোটের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল হান্নান মাসউদের নির্বাচনী পথসভায় চোরাগোপ্তা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার তমরদ্দি ইউনিয়নের তালতলা বাজারে অনুষ্ঠিত পথসভায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাপলা কলি প্রতীকের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তালতলা বাজারের পথসভায় হান্নান মাসউদের বক্তব্য চলাকালে বিএনপি সমর্থিত সন্ত্রাসীরা সমাবেশ স্থলে ইটপাটকেল নিক্ষেপ করে। হঠাৎ এই হামলায় সভাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

এর আগে শুক্রবার (৩০ জানুয়ারি) উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আহমেদ হোসেন হাছান ও তমরুদ্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মাহেরসহ তাদের অনুসারীরা তালতলা বাজারে এনসিপির নির্বাচনী অফিস ভাঙচুর করেন।

হামলায় তমরদ্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আব্দুর রহমানের ছেলে দিদার উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডের মোজাম্মেল হোসেনের ছেলে সম্পদসহ শাপলাকলির সমর্থক অন্য একজন আহত হন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টি হাতিয়া উপজেলা শাখার আহ্বায়ক শামছল তিব্রিজ বলেন, "নির্বাচনী পরিবেশ নষ্ট করা এবং ভোটকেন্দ্র দখল ও ভোট কারচুপির উদ্দেশ্যেই বিএনপি পরিকল্পিতভাবে এ ধরনের হামলা করছে। আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই এবং প্রশাসনের কাছে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।"