নানিয়ারচর (রাঙ্গামাটি) সংবাদদাতা
রাঙ্গামাটির নানিয়ারচরে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় ও ইউএনডিপির সহযোগিতায় এবং বায়োডাইভারসিটি ইকোসিস্টেম রেস্টোরেশন ফর কমিউনিটি রিজিলিয়েন্স ইন সিএইচটি (বিইআরসিআর সিএইচটি) প্রকল্পের আওতায় জীববৈচিত্র্য সংরক্ষণ দলের সদস্যদের জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রতিবেশ পুনরুদ্ধার পদ্ধতি, সম্পদের টেকসই ব্যবহার এবং সহনশীল জীবিকায়ন বিষয়ে কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে নানিয়ারচর হার্টিকালচার সেন্টার মিলনায়তনে দুই দিনব্যাপী এই কারিগরি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এ সময় রাঙামাটি বন বিভাগের সহকারী বন সংরক্ষক জি এম আবু বকর সিদ্দিক, নানিয়ারচর উপজেলা কৃষি কর্মকর্তা মো: হারুন মিয়া ও বুড়িঘাট রেঞ্জ কর্মকর্তা জি এম আলমগীর ৩০ জন প্রশিক্ষণার্থীর মাঝে কারিগরি প্রশিক্ষণ প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তারা জীববৈচিত্র্য সংরক্ষণ, বন সম্পদের টেকসই ব্যবহার ও সহনশীল জীবিকায়ন, বন উজাড় হওয়ার ফলে মানুষ ও প্রাণির দ্বন্দ, স্থানীয় পর্যায়ে জীববৈচিত্র্য সংরক্ষণ, পরিবেশ পুনরুদ্ধার এবং পরিবেশগত অবক্ষয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও জীব সংরক্ষণকে আয়ের সাথে সংযুক্ত করা, কৃষি বনায়ন, বসতবাড়ির বাগান, মৌমাছি পালন, হাঁস-মুরগি ও টেকসই মাছ চাষসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় বায়োডাইভারসিটি ইকোসিস্টেম রেস্টোরেশন ফর কমিউনিটি রিজিলিয়েন্স ইন সিএইচটি প্রকল্পের জেলা কর্মকর্তা কামনা শীষ খীসা, ইউএনডিপির প্রোজেক্ট সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট উমাচিং মারমা ও মংহ্লা ওয়ান এবং উপজেলা বায়োডাইভারসিটি এনভায়রনমেন্ট ফ্যাসিলিটেটর ডিবি প্রিন্স চাকমা, জীববৈচিত্র্য সংরক্ষণ দলের সদস্য, ভিলেজ কমন ফরেস্ট কমিটির সদস্য ও বন্যপ্রাণি উদ্ধারকারী দলের সদস্যসহ অন্যরা উপস্থিত ছিলেন।



