বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান বলেছেন, ‘বালাকোটের যুদ্ধ স্বাধীনতা প্রিয় মানুষের জন্য প্রেরণার উৎস, চেতনার স্মারক। এটি ইসলামী পুনর্জাগরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।’
তিনি বলেন, ‘বালাকোটের যুদ্ধের মধ্য দিয়েই ভারতে মুসলমানগণ আজাদী আন্দোলনের মাধ্যমে পৃথক আবাসভূমি লাভে উজ্জীবিত হন।’
বুধবার (৬ মে) চট্টগ্রাম নগরীর দেওয়ানবাজারস্থ বিআইএ মিলনায়তনে ঐতিহাসিক বালাকোট দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগরী জামায়াত আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মুহাম্মদ শাহজাহান বলেন, ‘বিজাতীয় আগ্রাসন থেকে মুসলমানদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য শাহ সৈয়দ আহমদ শহীদ বেরলভীর নেতৃত্বে বালাকোট আন্দোলন ছিল এক আপসহীন সংগ্রাম। বদর-উহুদ, খায়বারের প্রেরণায় উজ্জীবিত হয়ে তিনি ঈমান-আকীদা, ইসলামী তাহযীব-তামাদ্দুনের সুরক্ষা সর্বোপরি আল্লাহর দ্বীনের ঝান্ডাকে উচ্চকিত করার এ সংগ্রামে ১৮৩১ সালের ৬ মে বালাকোটের ময়দানে এক অসম যুদ্ধে শাহাদাৎ বরণ করেন।‘
নগর আমির মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, সাংগঠনিক সম্পাদক ডা: সিদ্দিকুর রহমান, কোতোয়ালী থানার আমির আমির হোছাইন, সেক্রেটারি মোস্তাক আহমদ ও চকবাজার থানার সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন মহানগরী কর্মপরিষদ সদস্য হামেদ হাসান ইলাহী, অধ্যাপক মুহাম্মদ সাইফুল্লাহ ও অধ্যাপক মুহাম্মদ নুর প্রমুখ।



