গাজীপুরে শালবনের ভেতর এক রিসোর্টের পাশে টিকটক ভিডিও তৈরির সময় অর্ধগলিত ক্ষতবিক্ষত
এক যুবকের লাশের সন্ধান পেয়েছে এক দল কিশোর। আনুমানিক ২০-২২ বছর বয়সের নিহত ওই যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সদর উপজেলার ভাওয়াল মির্জাপুরের বি কে বাড়ি এলাকার বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে কয়েকজন কিশোর টিকটক ভিডিও করতে বনের ভেতরে গেলে তারা তীব্র দুর্গন্ধ অনুভব করে। তারা ওই দুর্গন্ধের সূত্র খুঁজতে গিয়ে মাটিচাপা অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ বিষয়টি অবহিত করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। অর্ধগলিত ও ক্ষতবিক্ষত ওই লাশের আংশিক অংশ মাটিচাপা দেয়া ছিল।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ খবর পেয়ে মাটিচাপা অবস্থায় ২০-২২ বছর বয়সের এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, অন্তত ১৫-১৬ দিন আগে হত্যার পর লাশটি এখানে পুঁতে রাখা হয়েছিল।’
তিনি আরো বলেন, ‘মাটি খুঁড়ে শিয়াল-কুকুরে কিছু অংশ খেয়ে ফেলায় লাশটি উপরে উঠে আসে। তবে, আসলেই শিয়াল-কুকুরে খেয়েছে কি-না সেটা নিশ্চিত হওয়া যায়নি। নিহতের পরনে শার্ট ও প্যান্ট রয়েছে। লাশটির পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’



