মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মোহনগঞ্জে মাদকবিরোধী সভা শেষ হওয়ার পরপরই মাদকসহ মো: খোকন মিয়া (৪০) নামে এক যুবককে আটক করেছে স্থানীয় গ্রামবাসী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে মোহনগঞ্জ-আদর্শনগর সড়কের বড়কাশিয়া চেয়ারম্যান বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আটক খোকন মিয়া মোহনগঞ্জ উপজেলার ৪ নম্বর মাঘান সিয়াধার ইউনিয়নের মানশ্রী গ্রামের বাসিন্দা সুন্দর আলীর ছেলে।
স্থানীয়রা জানায়, একই দিন সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দেওথান গ্রামের হাবিবুর রহমানের বাড়িতে দেওথান ও বড়কাশিয়া গ্রামের বাসিন্দাদের অংশগ্রহণে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদকের বিরুদ্ধে দুই গ্রামের বাসিন্দারা কঠোর অবস্থান নেয়ার সিদ্ধান্ত নেন। সভা শেষ হওয়ার পর মাদকসেবনের খবর পেয়ে বড়কাশিয়া গ্রামের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয় তরুণদের সহযোগিতায় খোকন মিয়াকে আটক করা হয়।
পরে গ্রামের স্থানীয়রা আটক খোকন মিয়াকে মোহনগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
পরে মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমএ কাদেরের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত খোকন মিয়াকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০০ টাকা জরিমানা করেন।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাফিজুল ইসলাম হারুন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।’



