বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎও সংকটে পড়বে : স্বাস্থ্যমন্ত্রী

‘জুলাই অভ্যুত্থানের পরে এবারের প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন করতে না পারি, মনে রাখবেন আমরা শুধু শেষ হবো না, আপনারাও শেষ হয়ে যাবেন।

মো: বোরহান উদ্দিন রব্বানী, শরীয়তপুর

Location :

Shariatpur
ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধের স্টোর পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন
ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওষুধের স্টোর পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন |নয়া দিগন্ত

বর্তমান সরকার ও প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সবচেয়ে নিষ্ঠাবান হিসেবে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বলেছেন, ‘বিএনপি সরকার ব্যর্থ হলে এদেশে কেউ বাস করতে পারবে না।’ তিনি বলেন, ‘বর্তমান সরকার ব্যর্থ হলে দেশের ভবিষ্যৎও সংকটে পড়বে।’

শনিবার (১ আগস্ট) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের সতর্ক করে বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পরে এবারের প্রতিশ্রুতি যদি বাস্তবায়ন করতে না পারি, মনে রাখবেন আমরা শুধু শেষ হবো না, আপনারাও শেষ হয়ে যাবেন। কেউ কারো বাড়িতে থাকবেন না, ডিউটিতে থাকবেন না। কারণ সবার আমলনামা সবাই জানতেছে।’

তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘নিজেদের স্বার্থে কেউ দেশটাকে ধ্বংস করবেন না। সবাই মিলে মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করে, দেশটা এগিয়ে নিয়ে যাই।’

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, ‘যতদিন সরকারের নরম থাকার কথা ছিল আমরা ততদিন সহজ ছিলাম, কিন্তু আর নয়। প্রয়োজনে সাসপেন্ড বা চাকরিচ্যুত করার মতো কঠোর ব্যবস্থা নিতে আমরা বাধ্য হবো। সুতরাং বিষয়টিকে মাথায় রেখে আপনারা দায়িত্ব পালন করুন।’

প্রবাসীদের অবদানের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘লাখ লাখ ছেলেমেয়ে বিদেশে রয়েছে। তারা যদি দেশে টাকা না পাঠাত, তাহলে রিজার্ভ শূন্য হয়ে যেত। কেউ খেতে পারতেন না, চাকরির বেতনও পেতেন না। তাই আমাদের সুস্থ, দক্ষ ও যোগ্য তরুণ প্রজন্ম গড়ে তুলতে হবে, যারা বিশ্বে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দেবে।’

এর আগে মন্ত্রী ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ, বিভিন্ন ওয়ার্ড, ফার্মেসিসহ বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। তিনি রোগীদের সাথে কথা বলে চিকিৎসাসেবার মান, ওষুধের সরবরাহ ও হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ নেন।

পরিদর্শনকালে বিভিন্ন অনিয়মের অভিযোগে হাসপাতালের আশপাশের দুটি বেসরকারি ক্লিনিক সিলগালা করার নির্দেশ দেন এবং অফিস চলাকালীন সময়ে বেসরকারি ক্লিনিকে চিকিৎসাসেবা দেয়ার অভিযোগে দুই চিকিৎসককে শোকজ করার নির্দেশ দেন।

এ সময় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: প্রভাত চন্দ্র বিশ্বাস, শরীয়তপুরের সিভিল সার্জন ডা: মো: রেহান উদ্দিন, স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, উপজেলা প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।