চৌদ্দগ্রামে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা পেল অসহায় ও দুস্থরা

‘বিরোধীদলীয় উপনেতা ডা: তাহের এমপির নির্দেশে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত নেতৃবৃন্দ পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নে প্রকৃত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে।’

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Chauddagram
দুস্থ ও অসহায়দের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে
দুস্থ ও অসহায়দের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হচ্ছে |নয়া দিগন্ত

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে নগদ ১০ লাখ টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৬ মে) ও বুধবার (২৭ মে) চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নে জামায়াতের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়।

এছাড়া বুধবার উপজেলার শ্রীপুর ইউনিয়নে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিম এবং পরিচালনায় ছিলেন ইউনিয়ন যুব বিভাগের সভাপতি রবিউল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক আলাউদ্দিন আবির, জামায়াত নেতা মাওলানা আবুল হাশেম, মাওলানা মোরশেদ আলম, ডা: খোরশেদ আলম, মাওলানা ওবায়েদ উল্লাহ প্রমুখ।

এছাড়া উজিরপুর ইউনিয়নে অর্থ বিতরণকালে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির আবদুস সাত্তার। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির আবুল হাশেমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এর আগে মঙ্গলবার জামায়াতের চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান চৌদ্দগ্রাম পৌরসভা ও সেক্রেটারি বেলাল হোসাইন মুন্সিরহাট ইউনিয়নে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে বিরোধীদলীয় উপনেতা ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের এমপির মাধ্যমে চৌদ্দগ্রামের অসহায় মানুষের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। বিরোধীদলীয় উপনেতা ডা: তাহের এমপির নির্দেশে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত নেতৃবৃন্দ পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নে প্রকৃত অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে।’