নারায়ণগঞ্জ শহরে একটি বিউটি পার্লার থেকে কামরুন নাহার ইতি (৩৮) নামে এক নারী উদ্যোক্তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শহরের আমলাপাড়া এলাকার ‘পরী বিউটি পার্লার’ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানান সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম।
নিহত ইতি আব্দুর রাজ্জাকের কন্যা। তিনি জেলার এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে স্বামী আনোয়ার হোসেন সেন্টুর সাথে থাকতেন।
ওসি আব্দুল হালিম জানান, বিউটি পার্লারের মালিক ছিলেন ওই নারী। গত ২৭ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার ভাই মো: আলিফ এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করেছিলেন। শুক্রবার দুপুরে পার্লারের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশের একটি দল দরজা ভেঙে টয়লেটের ভেতর থেকে নিহত নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
তিনি বলেন, ‘নিহতের শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। কিভাবে তার মৃত্যু হয়েছে তা ফরেনসিক ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।’
আব্দুল হালিম জানান, নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।



