নাটোরের সিংড়ায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর আনোয়ার হোসেন (৩৪) নামে এক ইজিবাইক (ব্যাটারিচালিত অটোগাড়ি) চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার রামানন্দ খাজুরিয়া ইউনিয়নের ভোগা বসন্তপুর রাস্তার পানাগাড়ি নামক স্থান থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
নিহত আনোয়ার হোসেন উপজেলার শেরকোল ইউনিয়নের পাছপাড়া গ্রামের গেদু মন্ডলের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রোববার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে রোজগারের উদ্দেশ্যে আনোয়ার হোসেন তার অটোগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে পরিবারের লোকজন তার মোবাইলফোন বন্ধ পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিও করেন। সোমবার পরিবারের পক্ষ থেকে সিংড়া থানায় একটি নিখোঁজের লিখিত অভিযোগ করা হয়।
এদিকে বিকেলে পানাগাড়ি নামক স্থানে হাত-পা ও মুখ বাঁধা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয় এলাকাবাসী।
নিহতের মামা আব্দুর রাজ্জাক বলেন, তিন লাখ টাকার ইজিবাইক ছিনিয়ে নিতে একটি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে নির্মমভাবে হত্যা করা হলো। আমি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পৌঁছে পুলিশ হত্যার ঘটনায় তদন্ত শুরু করেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাই করতেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।



