শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার প্রার্থী গোলাফ

দেশের বৃহত্তর স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তাদের দল রাজনৈতিকভাবে বিএনপির সাথে সমঝোতায় পৌঁছেছে। এরই ধারাবাহিকতায় চাঁদপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. মো: জালাল উদ্দিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

চাঁদপুর প্রতিনিধি

Location :

Chandpur
ড. জালাল উদ্দিনের বাসভবনে সংবাদ সম্মেলন
ড. জালাল উদ্দিনের বাসভবনে সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

চাঁদপুর-২ (মতলব উত্তর ও দক্ষিণ) আসনে দলীয় নির্দেশনা মেনে গণঅধিকার পরিষদের প্রার্থী (ট্রাক প্রতীক) গোলাফ হোসেন বিএনপির মনোনীত প্রার্থী ড. মো: জালাল উদ্দিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে মতলব উত্তর উপজেলার লুধুয়া গ্রামে ড. মো: জালাল উদ্দিনের বাসভবনে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের প্রার্থী গোলাফ হোসেন জানান, দেশের বৃহত্তর স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে তাদের দল রাজনৈতিকভাবে বিএনপির সাথে সমঝোতায় পৌঁছেছে। এরই ধারাবাহিকতায় চাঁদপুর-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. মো: জালাল উদ্দিনকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।

তিনি জুলাই আন্দোলনে শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, ‘তাদের আত্মত্যাগের বিনিময়েই আজ দেশের মানুষ নির্বাচনী পরিবেশ উপভোগ করতে যাচ্ছে।’ একইসাথে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

গোলাফ হোসেন বলেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনে বিএনপি ও গণঅধিকার পরিষদের যৌথ ভূমিকা ছিল ঐতিহাসিক।’

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি জানান, চাঁদপুর-১ ও চাঁদপুর-৩ আসনের মতো চাঁদপুর-২ আসনেও রাজনৈতিক ঐক্যের অংশ হিসেবে ধানের শীষের পক্ষে তারা কাজ করবেন। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে সবাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে গোলাফ হোসেন ও গণঅধিকার পরিষদের নেতাদের স্বাগত জানিয়ে ড. মো: জালাল উদ্দিন জানান, সবাইকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ মতলব গড়ে তুলতে চান তিনি। যে মতলবে থাকবে না সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি। মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়নই হবে তার রাজনীতির মূল লক্ষ্য।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক বাদল, মতলব উত্তর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহাম্মদ খান, সাধারণ সম্পাদক নুরুল হক জিতু, কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা মাহবুব, ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি সাইফুল ইসলাম মুকুল, কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের সহ-সভাপতি ফারুক হাসান, চাঁদপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাছুম সরকার, মতলব উত্তর যুব অধিকার পরিষদের সহ-সভাপতি নজরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক জুয়েল মোল্লাসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মী ও স্থানীয় সাংবাদিকরা।