পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ উপলক্ষে রাঙ্গামাটিতে মারমা সম্প্রদায়ের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মৈত্রী পানিবর্ষণের মধ্যদিয়ে সাংগ্রাই রিলং পোয়ে বা জলকেলি উৎসব শেষ হয়েছে।
সপ্তাহব্যাপী সাংগ্রাই উৎসবে মেতেছিল পার্বত্য এলাকার বিভিন্ন জাতিগোষ্ঠী।
রাঙ্গামাটি মারমা সাংস্কৃতিক সংস্থা-মাসসের উদ্যোগে শনিবার (১৯ এপ্রিল) দুপুরে রাঙ্গামাটি চিং হ্লা মং মারী স্টেডিয়ামে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জলকেলি উৎসবের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
সাংগ্রাই অনুষ্ঠানে ইউরিপিয়ান ইউনিয়নের প্রতিনিধি দলের ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার, মিজ ক্যাটেরিনা মিলার, ইতালীয় প্রতিনিধি অ্যান্টেনিও আলেসান্দ্রো, মিজ পাওলা বেলফিওর এবং ডাচ আইনজীবী এবং নেদারল্যান্ডসের প্রতিনিধি আন্দ্রে কার্স্টেন্স, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. ফরহাদ হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মঞ্চে মং ঘণ্টা (মারমা সম্প্রদায়ের এক ধরনের বড় ঘণ্টা) বাজিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে অতিথিরা ফিতা কেটে ও পানি ছিটিয়ে দিয়ে জলকেলি উৎসবের উদ্বোধন করেন।
এর পর ছোট ছোট ডিঙ্গি নৌকায় রাখা পানি দিয়ে কয়েকটি দলে ভাগ হয়ে তরুণ-তরুণীরা একে অপরকে পানি ছিটিয়ে জলকেলি উৎসবে মেতে ওঠেন। জলকেলির পাশাপাশি চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। দিনব্যাপী এই জলকেলি উৎসবকে ঘিরে পাহাড়ি-বাঙালির মিলন মেলায় পরিণত হয়।



