সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া ৩৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে সিলেট সদর উপজেলার ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে এসব পাথর উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গত এক বছরে কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তী সময়ে হাইকোর্টে সাদা পাথর লুটের ঘটনার জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে রিট আবেদন করা হয়। এরই ধারাবাহিকতায় দুপুরে র্যাব-৯ সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে ভোলাগঞ্জ থেকে লুট হওয়া ৩৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে।
এর সত্যতা নিশ্চিত করে র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত পাথরের পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



