বগুড়ায় ট্রেনের ধাক্কায় রাকিব হোসাইন মোস্তাকিম নামে সরকারি আজিজুল হক কলেজের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। রোববার (৬ জুলাই) বিকেল ৩টার দিকে শহরের পুরান বগুড়া ওয়াপদা গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রাকিব হোসাইন মোস্তাকিম জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিমাদ্রিপাড়া এলাকার বাসিন্দা। সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, বিকেল ৩টার দিকে সান্তাহার থেকে বগুড়াগামী কমিউটার নাইটি আপ ট্রেনের ধাক্কায় ওয়াপদা গেট এলাকায় ঘটনাস্থলেই মোস্তাকিম মারা যান। এতে মোস্তাকিমের মোটরসাইকেল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।
সিসিটিভির ফুটেজে দেখা যায়, মোটরসাইকেল নিয়ে মোস্তাকিম রেললাইন পার হতে যাচ্ছিলেন। এমন সময় অসচেতনভাবে ট্রেনের লাইনের কাছাকাছি মোস্তাকিম মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে যান। তবে মোস্তাকিমের পেছনে থাকা আরেক যুবক মোটরসাইকেল থামানোর সাথে সাথেই নেমে নিরাপদ দূরত্বে চলে যাওয়ায় তার কোনো ক্ষতি হয়নি।
এসআই শফিকুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



