সাটুরিয়ায় ঈদে যানবাহনে ডিজে বাজানো নিষিদ্ধ ঘোষণা করলেন ইউএনও

গ্রামের বিভিন্ন মোড়ে টং দোকান বসিয়ে গভীর রাত পর্যন্ত শিক্ষার্থীদের আড্ডা দেয়ার সংস্কৃতি বন্ধ করা হবে। আজ থেকেই এসব আড্ডাস্থল অপসারণের কাজ শুরু হচ্ছে।

Location :

Saturia
ইউএনও-এর মতবিনিময় সভা
ইউএনও-এর মতবিনিময় সভা |নয়া দিগন্ত

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের সাটুরিয়ায় আগামী পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাটুরিয়ার কোনো যানবাহনে ডিজে পার্টি বা উচ্চশব্দে গান বাজানো যাবে না বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মে মাসের আইন-শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব সিদ্ধান্তের কথা জানান।

আইন-শৃঙ্খলা সভার বিভিন্ন সদস্যদের উদ্বেগের জবাবে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, ‘গ্রামের বিভিন্ন মোড়ে টং দোকান বসিয়ে গভীর রাত পর্যন্ত শিক্ষার্থীদের আড্ডা দেয়ার সংস্কৃতি বন্ধ করা হবে। আজ থেকেই এসব আড্ডাস্থল অপসারণের কাজ শুরু হচ্ছে। এছাড়া ইভটিজিং, বাল্যবিয়ে এবং মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রশাসন সম্পূর্ণ জিরো টলারেন্স নীতিতে রয়েছে।’

অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের তৎপরতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘সম্প্রতি নিয়মনীতি অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ইতোমধ্যে দেড় লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।’

আসন্ন ঈদে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে সাটুরিয়া বাসস্ট্যান্ড এবং অন্যতম পর্যটন কেন্দ্র বালিয়াটি জমিদার বাড়ি এলাকায় বিশেষ ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। এসব স্পটে যানজট ঠেকাতে পর্যাপ্ত পুলিশ ও গ্রাম পুলিশ মোতায়েন থাকবে বলে সভায় নিশ্চিত করা হয়।

আইন-শৃঙ্খলা সভায় উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে আরো বক্তব্য রাখেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোশারফ হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো: আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন ও আবুল বাশার সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ আমীর হামজা, সাটুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসান ফয়জীসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা সাটুরিয়ার আইন-শৃঙ্খলা রক্ষা এবং একটি শান্তিপূর্ণ উৎসবমুখর ঈদ উদযাপনে প্রশাসনের এসব উদ্যোগকে সাধুবাদ জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।