দেশে শুরু হওয়া চারদিন ব্যাপী বিনিয়োগ সম্মেলনের অংশ হিসেবে প্রথম দিনেই চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল (কেইপিজেড) পরিদর্শন করেছে ৬০ বিদেশী বিনিয়োগকারীর একটি প্রতিনিধি দল।
সোমবার (৭ এপ্রিল) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা কেইপিজেডের বিল্ডিং-১ গার্মেন্টস কোরিয়ান, কেপিপি-২, কেপিপি-১, বিল্ডিং-২১ কেএসআই গার্মেন্টস, গার্মেন্টস-২, আর্ট গ্যালারি, টেক্সটাইল ইউনিভার্সিটি, মেডিক্যালসহ বিভিন্ন কারখানা পরিদর্শন করেন।
জানা যায়, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিনিয়োগ সম্মেলন ২০২৫-এর প্রথম দিনে এ কর্মসূচি নেয়। এ দিন চীন, কোরিয়া, জাপানসহ ৬০ জনের একটি প্রতিনিধি দল এ সফরে অংশ নেয়। মূলত বাংলাদেশের কারখানার বাস্তব চিত্র পরিদর্শনের মাধ্যমে বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগ করতে উদ্বুদ্ধ করাই এ সম্মেলনের মূল উদ্দেশ্য।
এ সময় পরিদর্শনে আসা বিনিয়োগকারী চীনা এভিপি কোম্পানির ম্যানেজিং পার্টনার কেভিন মুউ বলেন, ‘বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি ভালো জায়গা। এখানকার শ্রমিকদের মজুরি কম, এছাড়াও নানা সুবিধা রয়েছে। চীন আর এখানকার কারখানার মধ্যে অন্যতম পার্থক্য হলো চীনে মেশিনের মাধ্যমে সব কাজ করা হয়। কিন্তু বাংলাদেশের কারখানাতে বেশিরভাগ কাজ শ্রমিকরা নিজেদের হাতেই করে থাকে।’
এ সময় তিনি আশা ব্যক্ত করে বলেন, ‘যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকে তাহলে অনেক চাইনিজ বিনিয়োগকারী এখানে বিনিয়োগ করবেন।’
বেজার প্রধান পরামর্শক মো: আবদুল কাদের খান বলেন, ‘বিনিয়োগকারীদের এখানকার কারখানার বিভিন্ন এক্টিভিটিস এবং সম্ভাবনাময় চট্টগ্রাম বন্দরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানানো হচ্ছে, দেখানো হচ্ছে। আশা করছি তারা ভালো কিছু দেখেছেন। এখানে পরিদর্শনে আসার প্রধান উদ্দেশ্য হলো বিনিয়োগকারীরা যাতে আসল বাস্তবতাটা দেখে এবং বিনিয়োগে উদ্বুদ্ধ হয়।‘
এ সময় পরিদর্শনে আসা বেজার পিডি আব্দুল্লাহ আল মাহমুদ ফারুক বলেন, ‘আজ বিডা’র উদ্যোগে দুটি কারখানা পরিদর্শন করা হবে। একটি কেইপিজেড ও অন্যটি মিরসরাই। কেইপিজেডকে বেজার সাথে একিভূত করার যে মিশন সে লক্ষ্যে বিনিয়োগ বাড়াতে এ সম্মেলনের আয়োজন করা হয়। বিদেশীরা বাংলাদেশ সম্পর্কে অনেক কিছুই শুনে। সে শুনার বাস্তবিকভাবে সরাসরি পরিদর্শন করতে তারা এখানে এসেছেন। আশা করি তারা সবাই পজিটিভ মাইন্ড থেকেই এটা পরিদর্শন করছেন।’
কোরিয়ান ইপিজেড (কেইপিজেড) কর্পোরেশন (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: শাহজাহান বলেন, ‘বিনোয়োগকারীরা আজ প্রথম দিনে কেইপিজেডে এসেছেন। তারপর মিরসরাই এবং শেষে ঢাকায় যাবেন। তাদের এখানে আনা হয়েছে একটি প্রাইভেট কারখানা দেখার জন্য। আমরা তাদের স্বাগত জানিয়েছি। তারা দেখুক বাংলাদেশের ইপিজেড, বিনিয়োগের অবস্থা, কেইপিজেডগুলোর কী অবস্থায়। তা সরাসরি দেখে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করুক। এছাড়া যাচাই-বাছাই ও বিবেচনা করে কেইপিজেড সব ধরনের বিনিয়োগ নিতে প্রস্তুত।’
পরিদর্শন শেষে বিনিয়োগকারীদের সাথে এক মতবিনিময় সভায় ইয়ংওয়ান করপোরেশনের চেয়ারম্যান ও সিইও কিহাক সাং বলেন, ‘এটি প্রথমবারের মতো, যেখানে আমরা বিদেশী বিনোয়োগকারীদের অফিসিয়ালি এখানে আমন্ত্রণ জানিয়েছে। নতুন অন্তর্বর্তী সরকার দেশে বিনিয়োগকারী টানতে কাজ করছেন। আগের আর এ সরকারের মধ্যে পার্থক্য হলো এ সরকার বিনিয়োগকারীদের বাংলাদেশে আমন্ত্রণ জানাচ্ছেন, এবং বিনিয়োগ বাড়াতে কাজ করছেন।’
এ সময় তিনি আরো বলেন, ‘ভবিষ্যতে বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি আদর্শ জায়গা, এখানকার মানুষ এবং পরিবেশ খুবই উপযোগী। তাই প্রত্যেককে এখানে এসে তাদের ভবিষৎ বিনিয়োগ করার আমন্ত্রণ জানাচ্ছি।’
পরিদর্শনে দেশী-বিদেশী বিভিন্ন বিনিয়োগকারী, বেজা কর্মকর্তা, প্রশাসন ও কেইপিজেডের সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



