মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে মুন্সীগঞ্জের লৌহজংয়ের পদ্মা সেতু উত্তর থানা এলাকায় ৪ হাজার পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার জেলা ডিবি পুলিশ।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পদ্মাসেতু উত্তর থানাধীন উত্তর মেদিনীমন্ডল খানবাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন
ঢাকা হতে মাওয়া টোলপ্লাজাগামী সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আশফাক রাসেল এসব তথ্য নিশ্চিত করে নয়া দিগন্তকে জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নি:) আবুল কালাম আজাদের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল পদ্মাসেতু উত্তর থানাধীন উত্তর মেদিনীমন্ডল গ্রামের খানবাড়ি বাস স্ট্যান্ডের পূর্ব পাশে ঢাকা হতে মাওয়া টোলপ্লাজাগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।
এ সময় মো: সুমন আকন (৪৬) নামে একজনকে ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া সুমনের বাড়ী মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলার মাঠ গ্রামে বলে ডিবি পুলিশ সূত্রে জানা গেছে।
এ সংক্রান্ত সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জেলা ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে বলে তিনি আরো জানান।



