ময়মনসিংহ নগরীতে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণের পর গ্যাস লিকেজ হয়ে ছড়িয়ে পড়ে। এতে তীব্র গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে অন্তত ৩৯ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো আগুনের ঘটনা ঘটেনি।
সোমবার (২৯ জুন) রাতে নগরীর গুলপুকুরপাড় এলাকার মৈত্রী টাওয়ারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সিলিন্ডার থেকে নির্গত গ্যাস দ্রুত আশপাশে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের অনেকেই শ্বাসকষ্ট, মাথা ঘোরা ও অসুস্থতা অনুভব করেন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জবায়দুল হক জানান, গ্যাসের তীব্র গন্ধে অসুস্থ হয়ে ৩৯ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়ে গেছেন। তবে কয়েকজন এখনো চিকিৎসাধীন রয়েছেন এবং একজনের অবস্থা গুরুতর।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো: জানে আলম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে গ্যাস লিকেজের ঘটনা ঘটে। তবে সেখানে আগুন লাগার কোনো ঘটনা ঘটেনি।
তিনি আরো জানান, সিলিন্ডার থেকে নির্গত গ্যাস দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং অনেকে শ্বাসকষ্টে আক্রান্ত হন। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


