স্বাস্থ্যমন্ত্রী

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে

‘বতর্মানে প্রয়োজনীয় ওষুধ, পরিবার পরিকল্পনা সামগ্রী ও ভ্যাকসিন পর্যাপ্ত মজুদ রয়েছে। ভবিষ্যতে উপজেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে।’

শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা

Location :

Bagerhat
সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী
সাংবাদিকদের সাথে কথা বলছেন স্বাস্থ্যমন্ত্রী |নয়া দিগন্ত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ‘স্বাস্থ্যসেবা সহজলভ্য ও মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে শিগগিরই দেশে আরো চিকিৎসক ও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে।’

তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কী কী পদক্ষেপ নেয়া যায় তা সরাসরি দেখার জন্য সারাদেশের হাসপাতালসমূহ পরিদর্শন করা হচ্ছে। ইতোমধ্যে সারাদেশের সব উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে।’

শনিবার (২৫ জুলাই) দুপুরে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বতর্মানে প্রয়োজনীয় ওষুধ, পরিবার পরিকল্পনা সামগ্রী ও ভ্যাকসিন পর্যাপ্ত মজুদ রয়েছে। ভবিষ্যতে উপজেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট চালু করা হবে।’

তিনি আরো বলেন, ‘বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার স্বাস্থ্যসেবায় তেমন কোনো পদক্ষেপ নেয়নি।’

পরিদর্শনকালে মন্ত্রী ঘুরে ঘুরে হাসপাতালের পরিবেশ পর্যবেক্ষণ ও ভর্তি রোগীদের সাথে কথা বলে তাদের সুবিধা ও অসুবিধার কথা শোনেন।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি) গোলাম মো: বাতেন, বাগেরহাট পুলিশ সুপার (এসপি) হাসান মো: নাসের রিকাবদার, শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) অর্থিতা হাওলাদার, শরণখোলা উপজেলা বিএনপি সভাপতি মো: আনোয়ার হোসেন পঞ্চায়েতসহ প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতৃবৃন্দ।