মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুরের লক্ষীগঞ্জ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সহিংসতায় দুইজন নিহত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন মাদারীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জাহান্দার আলী জাহান।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় সাম্প্রতিক সংঘর্ষে নিহত আলমগীর হাওলাদারের বাড়িও পরিদর্শন করেন তিনি।
পরে সংসদ সদস্য জাহান্দার আলী জাহান সহিংসতায় নিহত আলমগীর হাওলাদার ও এর আগে সংঘর্ষে নিহত শ্রমিক দল নেতা শাকিল মুন্সীর কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় সংসদ সদস্য জাহান্দার আলী জাহান বলেন, ‘এই সহিংসতার সাথে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।’
তিনি পুলিশকে আ রো কঠোর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেয়া হবে না। মূলত ছয়জন অপরাধী পুরো এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করছে। তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করতে হবে।’
উল্লেখ্য, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুইজন নিহত হওয়ার পর ক্ষুব্ধ লোকজন অন্তত ৩০ থেকে ৪০টি বসতবাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও লুটপাট চালায়। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হক, মাদারীপুর আদালতের জিপি অ্যাডভোকেট গোলাম মোস্তফা চিসতি, মাদারীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজসহ প্রশাসনের কর্মকর্তা, সেনাবাহিনী ও র্যাব সদস্য এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।



