মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে কুমিল্লায় সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে ধর্মীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত। কুমিল্লার ইতিহাসও বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সহাবস্থান ও সৌহার্দ্যের উজ্জ্বল নজির। অতীতে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালালেও জনগণের সচেতনতা ও ঐক্যের কারণে তারা কখনো সফল হতে পারেনি।
তিনি আরো বলেন, ভবিষ্যতেও কোনো অপশক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না। পারস্পরিক সম্মান, সহনশীলতা ও ভালোবাসার চর্চা অব্যাহত রেখে আগামী প্রজন্মের জন্য একটি শান্তিপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে।
মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বিশ্বের সব ধর্মই মানুষকে ন্যায়, শান্তি, মানবকল্যাণ ও সহমর্মিতার শিক্ষা দেয়। তাই ধর্মকে বিভেদের হাতিয়ার নয়, বরং মানবিক মূল্যবোধ ও সামাজিক ঐক্য প্রতিষ্ঠার শক্তি হিসেবে ধারণ করতে হবে।
রথযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করে তিনি বলেন, এ ধরনের উৎসব পারস্পরিক ভ্রাতৃত্ববোধকে আরও সুদৃঢ় করে এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি সকল ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা বজায় রেখে একটি অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, কুমিল্লা আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ভক্ত-অনুসারী উপস্থিত ছিলেন।



