সিলেটের জৈন্তাপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তাহসিন আহমদ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় অপর আরোহী তাহের আহমদ (১৫) গুরুতর আহত হয়েছে।
রোববার (১০ মে) বিকেল ৩টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের চিকনাগুল খান চা বাগান গেট সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাহসিন আহমদ জৈন্তাপুর উপজেলার ৫ নম্বর ফতেপুর ইউনিয়নের হরিপুর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। আহত তাহের আহমদ একই গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সিলেটগামী একটি প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা হরিপুরগামী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তাহসিন আহমদ মারা যান।
দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী তাহের আহমদ গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এসে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার বিষয়ে তামাবিল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



