চূড়ান্ত হলো প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরের সূচি

প্রধানমন্ত্রী শনিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা দেবেন। বেলা সাড়ে ১১টায় তিনি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় বক্তব্য রাখবেন।

হাজীগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

Location :

Haziganj
প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান |ফাইল ছবি

আগামী শনিবার (১৬ মে) চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরইমধ্যে চূড়ান্ত করা হয়েছে সফরসূচিও। চূড়ান্ত সূচিতে হাজীগঞ্জ উপজেলার বহুল আলোচিত জনসভা রাখা হয়নি। এর পরিবর্তে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভার কর্মসূচি যুক্ত করা হয়েছে।

সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো: উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত পত্রে সফরের বিস্তারিত কর্মসূচি উল্লেখ করা হয়।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী শনিবার সকাল সাড়ে ৮টায় নিজ বাসভবন থেকে চাঁদপুরের উদ্দেশে রওনা দেবেন। বেলা সাড়ে ১১টায় তিনি কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে পথসভায় বক্তব্য রাখবেন।

এরপর দুপুর সাড়ে ১২টায় শাহরাস্তিতে খোদ খাল খননকাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে দুপুর পৌনে ২টায় চাঁদপুরে বিশ্বখাল খনন কাজের উদ্বোধন করার কথা রয়েছে তার।

এছাড়া দুপুর সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সভায় যোগ দেয়ার কথা রয়েছে।

দিনের কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী।

এর আগে হাজীগঞ্জে প্রধানমন্ত্রীর জনসভা অনুষ্ঠিত হতে পারে এমন আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে চূড়ান্ত সফরসূচিতে সেই কর্মসূচি না থাকায় নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।