শ্রীমঙ্গলে ২৪ ঘণ্টায় ১৩৩.৬ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড

সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল, বেলা বাড়ার সাথে সাথে অন্ধকার হয়ে আসে চতুর্দিক, সেই সাথে আকাশের গর্জন মানুষকে আতঙ্কিত করে তোলে।

এম এ রকিব, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

Location :

Sreemangal
ঝরছে রেকর্ড পরিমাণ বৃষ্টি
ঝরছে রেকর্ড পরিমাণ বৃষ্টি |নয়া দিগন্ত

চায়ের রাজধানী খ্যাত দেশের অন্যতম পর্যটন এলাকা মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত ২৪ ঘণ্টায় ১৩৩.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শুক্রবার সকাল ৬টা থেকে আজ শনিবার (২ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়। স্থানীয় আবহাওয়া অফিস এ তথ্য জানায়।

এদিকে দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এ অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, সেই সাথে বইছে দমকা হাওয়া। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল, বেলা বাড়ার সাথে সাথে অন্ধকার হয়ে আসে চতুর্দিক, সেই সাথে আকাশের গর্জন মানুষকে আতঙ্কিত করে তোলে।

শুক্রবার দিনের পর রাতভর প্রচুর বৃষ্টিপাতের ফলে শহরতলীর অনেক এলাকা বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ওই সমস্ত এলাকায় বসবাসকারীরা জলাবদ্ধতার কারণে সাময়িক ভোগান্তিতে পড়েছেন।

এদিকে বৃষ্টিপাত অব্যাহত থাকায় জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছ। শহরে মানুষজনের উপস্থিতি একেবারেই কম। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় শহর ও আঞ্চলিক সড়কে রিকশা, অটোরিকশা ও যানবাহন কম চলাচল করতে দেখা গেছে। সেই সাথে বৃষ্টিপাত অব্যাহত থাকায় এখানে বেড়াতে আসা পর্যটকরা পড়েছেন বিপাকে। তারা হোটেল-রিসোর্ট -এর রুমেই অলস সময় কাটাচ্ছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

স্থানীয়দের মতে, বর্ষা মৌসুমে বৃষ্টিপাত হওয়াটা স্বাভাবিক হলেও এবারের মতো এত বেশি কালবৈশাখী ঝড় এর আগে কখনো দেখা যায়নি। তারা শহরতলীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতাকে পরিকল্পিত বাসা বাড়ি না বানানো এবং পানি নিষ্কাশনের প্রয়োজনীয় ব্যবস্থা না রাখাকে দায়ী করেছেন। সেইসাথে বিভিন্ন ছড়া ভরাট হয়ে যাওয়া এবং প্রভাবশালীদের দখলে থাকায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে বলেও অভিযোগ করেন।

শ্রীমঙ্গস্থ আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আনিসুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ১৩৩ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন এ অঞ্চলে ঝড় বৃষ্টি অব্যাহত থাকবে, সেই সাথে বজ্রপাত হতে পারে বলে যোগ করে তিনি বলেন, ‘সবাই যেন সতর্কতা অবলম্বন করে চলেন।’