নাটোরের সিংড়ায় লক্ষাধিক টাকা মূল্যের সরকারি গাছ জব্দ করেছে বনবিভাগ। এ সময় গাছ বহনকারী নসিমনের চালক নাসিম হোসেনকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের ভোগা বসন্তপুর সরকারি খাল থেকে আটটি ইউক্যালিপটাস গাছ জব্দসহ নসিমনচালককে আটক করা হয়।
আটক নাসিম হোসেন রনবাঘা গ্রামের মাহাবুর রহমানের ছেলে।
উপজেলা বন কর্মকর্তা মিজানুর রহমান জানান, উপজেলার পানাউল্লাহ খালে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় রোপণকৃত গাছ কাটার খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়। গাছ কাটার সাথে জড়িত কতিপয় দুষ্কৃতিকারী সেখান থেকে পালিয়ে গেলেও গাছ বহনকারী নসিমনসহ চালককে আটক করে থানায় আনা হয়েছে। বন বিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
সিংড়ায় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, মামলার প্রস্তুতি চলছে।



