গাজীপুরে ট্রেনে কাটা পড়ে হাত ও পা বিচ্ছিন্ন পুলিশ কর্মকর্তার

আহত ওই পুলিশ কর্মকর্তার নাম হাবিবুর রহমান (৫৫)। তিনি গাজীপুর পুলিশ লাইনসে কর্মরত রয়েছেন। গত ৮ জানুয়ারি তিনি খুলনা রেঞ্জের কুষ্টিয়া থেকে বদলি হয়ে গাজীপুরে আসেন।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur

গাজীপুরে ট্রেনে কাটা পরে এক হাত ও পা হারালেন পুলিশের এক এসআই । বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শহরের জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন এলাকায় রেললাইন দিয়ে হেঁটে মোবাইল ফোনে কথা বলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে এ ঘটনা ঘটে।

আহত ওই পুলিশ কর্মকর্তার নাম হাবিবুর রহমান (৫৫)। তিনি গাজীপুর পুলিশ লাইনসে কর্মরত রয়েছেন। গত ৮ জানুয়ারি তিনি খুলনা রেঞ্জের কুষ্টিয়া থেকে বদলি হয়ে গাজীপুরে আসেন।

হাবিবুর রহমান রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার মাটিকাটা (ভাটা) এলাকার রইস উদ্দিনের ছেলে।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের মাস্টার গোলাম মোস্তফা, পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহষ্পতিবার বেলা সোয়া ১১টার দিকে মোবাইল ফোনে কথা বলতে বলতে স্টেশনের উত্তর পাশে ৪নং লাইন দিয়ে হেঁটে প্লাটফরমের দিকে যাচ্ছিলেন এসআই হাবিব। এসময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী “চাঁপাই এক্সপ্রেস” ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ট্রেনটি ওই লাইনে প্রবেশের সময় হুইসেল বাজালেও অসাবধানতার কারণে তিনি নিজেকে রক্ষা করতে পারেননি।

হাসাপাতালের আবাসিক চিকিৎসক ডা. শেখ ফরহাদ জানান, পুলিশের এসআই হাবিবকে আশঙ্কাজনক অবস্থায় বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। দুর্ঘটনায় তার ডান হাত কব্জির উপর থেকে এবং ডান পা উরু থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

গাজীপুর জেলা পুলিশ লাইনসের ইন্সপেক্টর মিজানুল হক জানান, দুর্ঘটনার পরপর গাজীপুর জেলা পুলিশ সুপার মো: শরিফ উদ্দীন হাসপাতালে ছুটে গিয়ে আহতের খোঁজখবর নেন ও পরামর্শ দেন। ঘটনার সময় পুলিশ সুপারের কার্যালয় থেকে জেলা পুলিশ লাইনসে যাচ্ছিলেন এস আই হাবিবুর রহমান। পথে রেললাইন পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।