সিরাজগঞ্জের তাড়াশে মসজিদের পুকুর থেকে মাছ লুটের প্রতিবাদে করা মানববন্ধনে প্রতিপক্ষের হামলায় ২০ জন আহত হয়েছেন।
রোববার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার তালম ইউনিয়নের গাবরগাড়ী গ্রামে এ সংঘর্ষ হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে তালম ইউনিয়ন তাঁতীদলের সভাপতি মো: এনামুল হক ও দুই নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আব্দুর রাজ্জাকের নেতৃত্বে ১৫-২০ জন লোক গাবরগাড়ী জামে মসজিদের পুকুর থেকে প্রায় ১০ লাখ টাকার মাছ ধরে নিয়ে যায়।
খবর পেয়ে মসজিদ কমিটি পুকুর পাড়ে গিয়ে তাদের মাছ ধরতে নিষেধ করলে তারা দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও লোহার রড নিয়ে হত্যার হুমকি দেয়। পরে মসজিদ কমিটির পক্ষ থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা মাছ নিয়ে পালিয়ে যায়।
এ ঘটনায় ওই রাতেই মসজিদ কমিটির সভাপতি মো: আলতাফ হোসেন তাড়াশ থানায় একটি লিখিত অভিযোগ দেন।
পরে রোববার বেলা সাড়ে ১১টার দিকে মসজিদ কমিটি ও গ্রামবাসী মানববন্ধন ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
এ সময় ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রাজ্জাক গ্রুপের লোকজন মানববন্ধনে হামলা চালায়। এতে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন গুরুতর আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনায় মসজিদ কমিটির পক্ষের মো: ইদ্রিস হোসেন, ইলিয়াস হোসেন, জফের হোসেন, মোছা: লিপি খাতুন, মো: শরিফুল ইসলাম, মো: আসাদুল ইসলাম, মো: শাহাদাৎ হোসেন ও মো: সুলতান এবং বিএনপি নেতা আব্দুর রাজ্জাকের অনুসারীদের মধ্যে ইউনিয়ন তাঁতীদলের সভাপতি এনামুল হক, নাজমুল হোসেন, আব্দুল মজিদ, আব্দুস সালামসহ দুই পক্ষের অন্তত ২০ জন গুরুতর আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) মো: শাহ আলম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



