কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় ডাকাত ও মানবপাচারকারী গ্রুপের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে বাহারছড়া ইউনিয়নের শীলখালী পাহাড়ি এলাকায় ডাকাতদল ও মানবপাচারকারী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়।
নিহতরা হলেন— বাহারছড়া ইউনিয়নের রুহুল আমিনের ছেলে রবি আলম, উত্তর শীলখালী এলাকার বাসিন্দা নুরুল কবিরের ছেলে মুজিব উল্লাহ এবং নুরুল ইসলামের ছেলে নুরুল বশর।
জানা যায়, দুপুরে টেকনাফ থানার পুলিশ উক্ত এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একজনের লাশ উদ্ধার করে এবং গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
টেকনাফের বাহারছরা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, আজ সকালে বাহারছড়া ইউনিয়নের শীলখালী পাহাড়ি এলাকায় ডাকাতদল ও মানবপাচারকারী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। দুপুরের দিকে সংঘর্ষের ঘটনার খবর পেয়ে বাহারছরা পুলিশ তদন্ত কেন্দ্রের একদল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাকাত দলের আস্তানা থেকে ধারালো অস্ত্রে আঘাতপ্রাপ্ত অবস্থায় একজনের লাশ উদ্ধার করে। অপর দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়।
তিনি আরো জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা ডাকাতি, মানবপাচার ও অপহরণের টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।


